দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম
তীব্র স্রোতে শীতলক্ষ্যা নদীতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন। চোখের সামনে এমন দৃশ্য দেখে নিজের জীবনের পরিণতি কিংবা বিপদের কথা একবারও ভাবেননি তরুণ সৌরভ মিয়া। মুহূর্তের সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়েন খরস্রোতা নদীতে। একে একে দুজনকে টেনে তোলেন তীরে। এরপর তৃতীয়জনকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে স্রোতের টানে নিখোঁজ হন তিনিও।
ঘটনাটি ঘটেছে নরসিংদীর শিবপুর উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরবর্তী দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে।প্রায় ১৯ ঘণ্টা নিখোঁজ থাকার পর ফায়ার সার্ভিসের সদস্যরা সৌরভ মিয়াসহ দুজনের মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে কয়েকজন মানুষ তীব্র স্রোতের মধ্যে পড়ে যাওয়ার পর সৌরভ মিয়া তাদের উদ্ধারে এগিয়ে যান। কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই তিনি খরস্রোতা শীতলক্ষ্যায় ঝাঁপ দেন। নিজের জীবন বিপন্ন করে একে একে দুজনকে উদ্ধার করে তীরে নিয়ে আসতে সক্ষম হন তিনি। পরে আরও একজনকে উদ্ধারের জন্য নদীতে এগিয়ে গেলে স্রোতের প্রবল টানে নিখোঁজ হন সৌরভ।
তারপর থেকেই স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে আসে উৎকণ্ঠা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১৯ ঘণ্টার অভিযানের পর সৌরভ মিয়াসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো দুজনের সন্ধান মেলেনি।
সৌরভের এই আত্মত্যাগের ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে মহৎ মানুষের পরিচয় কি কেবল ইতিহাসের পাতায় লেখা নামেই? ইতিহাসের পুরু পাতায় রাজা-মহারাজা, সেনাপতি কিংবা বিজয়ীদের নাম হয়তো স্বর্ণাক্ষরে লেখা থাকে। কিন্তু মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করা সৌরভ মিয়াদের অনেকের নামই থেকে যায় লোকচক্ষুর আড়ালে।
কোনো পদক, পুরস্কার কিংবা ইতিহাসের পাতায় নাম ওঠার প্রত্যাশা ছিল না সৌরভের। বিপন্ন মানুষের জীবন বাঁচাতে তিনি শুধু নিজের বিবেকের তাড়নায় নদীতে ঝাঁপ দিয়েছিলেন। দুজনকে তিনি বাঁচিয়েও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আরেকজনকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে গেলেন।
হয়তো ইতিহাসের আনুষ্ঠানিক পাতায় সৌরভ মিয়ার নাম লেখা হবে না। ক্ষমতার ইতিহাসে তার জন্য থাকবে না কোনো স্বর্ণাক্ষর। কিন্তু যাদের জীবন তিনি নিজের জীবনের বিনিময়ে ফিরিয়ে দিয়েছেন, তাদের কাছে সৌরভের নাম হয়তো কোনো দিনই মুছে যাবে না।মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া এমন মানুষদের গল্পই হয়তো ইতিহাসের সবচেয়ে নীরব অথচ উজ্জ্বল অধ্যায়।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team